দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়িতে নিজের পরিবারের ওপর অগ্নিসংযোগের ঘটনার পর খোঁজখবর নেওয়া ও দোয়া করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে পরিবারের সহায়তায় এগিয়ে আসায় প্রতিবেশী ও এলাকাবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) পরিবারের ওপর হামলার ঘটনার পর দেওয়া এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা জানান।
বিবৃতিতে সাদিক কায়েম বলেন, তাঁর পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিন সন্ত্রাসীকে শনাক্ত করে উপযুক্ত প্রমাণসহ মামলা করা হয়েছে। এখন হামলাকারী, পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থদাতাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব। এ ঘটনার পাশাপাশি নিষিদ্ধ লীগের প্রতিটি অগ্নিসন্ত্রাস, হত্যাকাণ্ড, হামলা ও নৈরাজ্যের বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জুলাইপন্থী ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাদের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডের পরও সরকারের নিষ্ক্রিয়তা বিস্ময়কর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বারবার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও ব্যর্থতা জনগণের সহ্যের সীমা ছাড়িয়েছে।
সাদিক কায়েম আরও বলেন, সংসদে দাঁড়িয়ে ১৮ কোটি মানুষের নিরাপত্তাহীনতা নিয়ে যিনি তামাশা করেন, নিষিদ্ধ লীগের অব্যাহত সন্ত্রাস ও হামলা অস্বীকার করে আজগুবি বক্তব্য ও হাস্যকর মন্তব্যের মাধ্যমে নিজের ব্যর্থতা আড়াল করতে চান, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁদের প্রয়োজন নেই।
বিবৃতিতে পরিবারের খোঁজখবর নেওয়া ও দোয়া করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান ডাকসু ভিপি। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ও ছাত্রসংগঠন, ডাকসুসহ বিভিন্ন ছাত্র সংসদের নেতা, জুলাই বিপ্লবের সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিশেষভাবে প্রতিবেশী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাদিক কায়েম বলেন, তাঁরা তাৎক্ষণিকভাবে তাঁর পরিবারের সহায়তায় এগিয়ে এসেছেন।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, এসব কাপুরুষোচিত হামলা তাঁদের মনোবল আরও দৃঢ় করেছে। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম এখন দ্বিগুণ শক্তিতে চলবে। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও আধিপত্যবাদের রাজনৈতিক ও সাংগঠনিক ভিত্তি উৎখাত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
যে আই